কলমের এক খোঁচায় চাকরি হারালেন একঝাঁক সংবাদকর্মী, হুমকির মুখে সাংবাদিকতা পেশার ভবিষ্যত

বিশেষ প্রতিবেদক

গত ৩রা মার্চ চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এক নোটিশের মাধ্যমে নিশ্চিত করেছেন, আগামী ২৮ শে মার্চ থেকে চ্যানেল নাইনের খবর সম্প্রচারসহ বার্তা বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বার্তা বিভাগে কর্মরত সকল সদস্যকে চাকুরি থেকে অব্যাহতির নোটিশ প্রদান করা হয়, যা আগামী ৯০ দিনের ভেতর কার্যকর করা হবে।

এর কিছু দিন আগে এটিএন বাংলা চ্যানেল থেকে ১৩জন সাংবাদিকসহ প্রায় ৩০ সংবাদকর্মীকে অব্যহতি দেয়া হয়৷ এই ঘটনার মাস পেরুনোর আগেই চ্যানেল নাইন থেকে এমন নোটিশ প্রদান করা হলো৷

চ্যানেল নাইনের এই নোটিশের ফলে স্বাভাবিকভাবেই চ্যানেলটির মফস্বলের কর্মকর্তারাও কর্মহীন হয়ে পড়লেন। এক কলমের খোঁচায় একসঙ্গে এতজন সংবাদকর্মীকে বেকারত্বের মুখে ঠেলে দেয়ার ঘটনা ইতিহাসে নজিরবিহীন।

কিছুদিন পূর্বে দেশের একটি উচ্চস্থানীয় হাউজ থেকে একসঙ্গে সকল কর্মকর্তার বেতন কমিয়ে দেয়া হয়। তারা বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করতে সম্মত হন।

আরেক হাউজ থেকে উচ্চ পর্যায়ের চার জনকে মাত্র কয়েক ঘন্টা সময় দিয়ে বের করে দেওয়া হয়েছে। এসব ঘটনা জানান দিতেও বিব্রত বোধ করছেন ভুক্তভোগীরা। তাদের নাম প্রকাশ করে কোনো প্রতিবাদ জানাতে সাংবাদিক ইউনিয়নকেও বারণ করেছেন। কী ভয়াবহ পরিস্থিতি!

এর আগে ইনকিলাব থেকে শতাধিক সংবাদ কর্মী চাকরিচ্যুতির শিকার হয়েছেন। বেকারের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

কিন্তু এ নিয়ে নেই কোনো প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে ব্যক্তিগত উদ্যোগে কিছু বিচ্ছিন্ন প্রতিবাদ দেখা গেলেও দেশের উচ্চস্থানীয় গণমাধ্যমগুলোতে কোনো প্রতিবাদ লক্ষ করা যায়নি। এমন ঘটনা সচরাচর ঘটতে থাকলে এবং এর প্রতিবাদ না হলে বাংলাদেশের সংবাদ বিভাগ ও সংবাদকর্মীগণ নানাবিধ হুমকির মুখে পড়বেন বলে মনে করছেন সচেতন মহল।

আগের সংবাদমুশায়েরা : উপমহাদেশে মুসলমানি সাহিত্যের আলোকোজ্জ্বল ধারা
পরবর্তি সংবাদধর্ষণের সাজা শেষে ইয়াবাসহ ইবি কর্মকর্তা গ্রেফতার