
ফাতেহ ডেস্ক
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম হেফাজতে ইসলামের আজকের বিক্ষোভের ব্যাপারে কটাক্ষমূলক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষাবলম্বন করে তিনি দাবি করেছেন, মেননের বক্তব্যের ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে নাকি ‘ধর্মান্ধ একটি দল’ আবার মাঠে নেমেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ দিয়ে বিক্ষোভ করা হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগে সংস্কারবাদিতার দায়ে অনেকটা উপেক্ষিত এ নেতা দাবি করেন, রাশেদ খান মেনন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। পার্লামেন্টে তিনি বক্তব্যে যে কথাটি বলেছেন, সেই কথাটির ‘ভুল ব্যাখ্যা’ দিয়ে আজকে একটি তথাকথিত ‘ধর্মান্ধ’ একটি দল আবার মাঠে নেমেছে। তারা তার বিরুদ্ধে মিছিল করেছে।
হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেরামের আজকের শান্তিপূর্ণ প্রতিবাদকে মেননের বিরুদ্ধে মিথ্যাচার দাবি করে নাসিম বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, রাশেদ খান মেনন একটি গণতান্ত্রিক দলের প্রধান। তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি কোনোভাবে ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করেন নাই। তিনি বরং প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এর মাধ্যমে যেন কোনো সাম্প্রদায়িক উসকানি দেয়া না হয়। কোনো ধর্মাশ্রয়ী রাজনীতি করা না হয়, এটা তিনি স্পষ্ট বলেছেন। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে এই চেনা মহলটি আবার মাঠে নেমেছে।
