
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে উগ্রবাদী খ্রিস্টান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ,লালবাগ মাদরাসার মুহাদ্দিস, হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল্লাহ বলেন, আজ শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে মুসলিম উম্মাহ শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষ কীভাবে এত নির্মম আচরণ করতে পারে, সেটা আমি কল্পনাও করতে পারছি না।
এ হামলায় ৩ বাংলাদেশিসহ প্রায় ৫০জন মুসল্লী শহীদ হয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাযের সময় এমন বর্বর হামলা মানুষ মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীর হামলায় শহীদ ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, পশ্চিমা দেশগুলো ইসলামের হাক্কানিয়াতের আলোতে না আসার কারণে তাদের মধ্যে ব্যাপক বর্ণবাদ ও ঘৃণার জন্ম হয়েছে। হামলার তীব্রতা এই ঘৃণা ও বিদ্বেষের প্রমাণ বহন করে। আমরা দাওয়াত ও রাজনৈতিক চাপের মাধ্যমে পশ্চিমা বিশ্বের ঘৃণা দূর করতে চাই। তাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখাতে চাই।
