গ্যাসের দাম বাড়লে আন্দোলনে নামবে বিএনপি

ফাতেহ ডেস্ক

গ্যাসের দাম বাড়লে আন্দোলনে নামবে বিএনপি–এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কথা জানান তিনি।

এ সময় গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে বলেছি গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক।‘

তিনি আরও বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিঃশ্বাস উঠবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আবারও বলছি, এসব কিছু উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে বিএনপি সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবে।’

এদেশের মানুষ গ্যাসের মূল্যবৃদ্ধিকে কখনই মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গেল ১০ থেকে ১২ বছর ধরে আমরা দেখছি, যারা সরকারের অপছন্দের মানুষ তাদের গ্রেপ্তার ও হত্যা করা হচ্ছে। প্রয়োজনে গুম করা হচ্ছে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র। কিন্তু ২৬শে মার্চ উদযাপনের মুহূর্তে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

আগের সংবাদআবারও উত্তাল প্যারিস, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পরবর্তি সংবাদআবারও নামাজরত মুসল্লিদের ওপর হামলা, এবার অস্ট্রেলিয়ার একটি মসজিদে