
ফাতেহ ডেস্ক
বাস চাপায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর প্রগতি সরণি, ফার্মগেট, শাহবাগ ও রায়সাহেব বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ফলে এসব এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। প্রগতি সরণিতে সকাল সাড়ে ৯টা থেকে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন বিইউপির শিক্ষার্থীরা। পরে তাদের সাথে যোগ দেন রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি আছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। ঘটনার পর পরই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করে আবরারের সহপাঠী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম দিনের মতো অবরোধ তুলে নেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
রাতে গুলশান থানায় মামলা করেন নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর চাচা। এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রের ঘাতক সুপ্রভাত বাসটির নিবন্ধন নম্বর, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে বিআরটিএ।
