
ফাতেহ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার জেলায় চার জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকা, মেহেরপুর ও কক্সবাজরে ৩ মাদক ব্যবসায়ী এবং চট্টগ্রামে এক জলদস্যু নিহত হয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চেকপোস্টে র্যাবের অভিযান চলাকালে, গুলি ছোড়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় নবী হোসেন নামের এক মাদক কারবারি।
এদিকে, মেহেরপুরে গোলাগুলিতে ফজলুল হক নামের এক মাদক কারবারি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রাত আড়াইটার দিকে গাংনী হাড়াভাঙ্গা ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের সাতঘরিয়া এলাকায় পুলিশের সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলিতে পাচারকারী কাশেম নিহত হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় র্যাবের সঙ্গে গ্রলাগুলিতে জলদস্যু দেলোয়ার হোসেন নিহত হয়েছে।
