রোজায় ভেজাল প্রতিরোধে সজাগ থাকবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

ফাতেহ ডেস্ক

রোজার মাসে বেড়ে যায় ভোগ্যপণ্য বিক্রি। তাই এক থেকে দু-মাস আগে থেকেই বাজারে বাড়তি পণ্য সরবরাহ করে বিভিন্ন কোম্পানি। খোলাবাজার থেকে এসব কোম্পানির নানা ধরনের পণ্য সংগ্রহ করে ভেজাল পেয়েছে বিএসটিআই। প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন।

পুষ্টি ও রূপচাঁদা সরিষার তেল, প্রাণ ও মধুবনের লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট ও এসিআইয়ের লবণ এ রকম ৫২টি পণ্যে ভেজাল পেয়েছে বিএসটিআই। রমজান সামনে রেখে সংস্থাটি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৭ ধরনের পণ্যের ৩১৩টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৫২টি পণ্যই নিম্নমানের বলছে তারা।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জানান, রোজার মাসে ভেজাল রোধে দেশজুড়ে সজাগ থাকবে বিএসটিআই।

রমজানে নিরাপদ খাবার পানি নিশ্চিতের কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ ছাড়া ভেজাল খাদ্যের প্রমাণ পাওয়া গেলে অর্থ ও কারাদণ্ডের পাশাপাশি প্রয়োজনে কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

গেলো চার মাসে ভেজালবিরোধী অভিযানে ৩৮টি অবৈধ কারখানা বন্ধ করা হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী।

আগের সংবাদরাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
পরবর্তি সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত