মধ্যরাতে খুলনা হয়ে বাংলাদেশে আঘাত হানবে ফণী

ফাতেহ ডেস্ক

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওডিশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে, মধ্যরাতে বাংলাদেশের খুলনা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা বেগম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

আয়েশা বেগম জানান, ভারতের ওডিশা উপকূল অতিক্রমের পর পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে ফণী। ঝড়ের কারণে আগের মতই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল সারাদেশেই বৃষ্টি হবে।

রংপুর ও রাজশাহীতে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এসময় ঝোড়ো হাওয়াসহ বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।

সবশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ ও ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে, সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

আগের সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদভারতে ২১০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ফণী