
ফাতেহ ডেস্ক
আগামী ১৯ মে ভারতে শেষ দফার লোকসভা নির্বাচন। এ নিয়ে শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদি। তার কয়েক ঘণ্টা আগে মোদির সভাস্থল থেকে ৬-৭ কিলোমিটার দূরে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই দুই সভাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের আশঙ্কা করছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তথা এসপিজি। এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে এদিন সকালেই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠান এসপিজির আইজি প্রধান যশবন্ত কে জেঠওয়া।
তিনি বলছেন, কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য যেন সব রকমের ব্যবস্থা নেয় রাজ্য সরকার।
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এসপিজির ইন্সপেক্টর জেনারেল যশবন্ত কে জেঠওয়া এবং রাজ্যের ইন্টালিজেন্স ব্যুরো এডি পি গ্যাটসো এখন মথুরাপুরে ক্যাম্প অফিস করে রয়েছেন।
সূত্র বলছে, তারা দুইজন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করছেন মথুরাপুরে। ডিজিকে দেওয়া চিঠিতে গ্যাটসোরও সই রয়েছে। ডিজি বীরেন্দ্রর পাশাপাশি ওই চিঠি দেওয়া হয়েছে রাজ্যের এডিজি ইন্টালিজেন্স, এডিজি আইনশৃঙ্খলা, সাউথ জোনের আইজি এবং ডিরেক্টর সিকিউরিটিকে।
প্রসঙ্গত, মথুরাপুরে মোদি-মমতার জনসভা অবশ্য একই দিনে হওয়ার কথা ছিল না। বৃহস্পতিবার মোদির সভার পর শুক্রবার মমতার সভা করার কথা ছিল। কিন্তু বাংলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার বুধবার রাতে কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
নিয়ম অনুযায়ী শুক্রবার বিকেল ৫টায় ভোটের প্রচার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা এগিয়ে এনে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে সব পক্ষকে প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন সদন। কমিশনের ওই সিদ্ধান্তের পরই শুক্রবারের সভা এগিয়ে আনেন মমতা।
