
ফাতেহ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।
বুধবার সকাল বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গত কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব বক্তব্য প্রকাশিত হচ্ছে তা মোটেও সত্য নয়। এসব বক্তব্য একবারেই মনগড়া। তিনি এখন হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।’
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ২৫ মার্চ চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। ২৮ মার্চ একটির মেডিকেল বোর্ড গঠন করা হয়। ডা. জিলন মিঞাকে বোর্ড প্রধান করা হয়। এছাড়াও বেশ কয়েকজন ডাক্তার তাকে সহযোগীতা করছেন। জানা যায়, বেগম জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছেন।
