
ফাতেহ ডেস্ক
ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য প্রদান করে আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার তিনি বক্তব্য রেখেছেন মুসলিম মহিলাদের পর্দা প্রথার সমালোচনা করে। ওলামায়ে কেরামকে তাঁর সেই পুরনো নোংরা ভাষায় ‘কাঠমোল্লা’ বলেও সম্বোধন করেছেন।
তিনি বলেন, হিজাব বাংলাদেশের সংস্কৃতি নয়, এটা সৌদি আরবের সংস্কৃতি। তিনি প্রশ্ন তুলেন, সৌদি সংস্কৃতির হিজাব বাংলাদেশের মহিলারা পরতে যাবে কেন?
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিতর্কিত মন্তব্য করেন।
আলেমদের কটাক্ষ করে মেনন বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে, এসব কাঠমোল্লাদের ব্যাপারে যা আর বলার না। এখন নাকি শাড়ি পরে নামাজ পড়া জায়েজ নয়, এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি! আমাদের মা জননীরা শাড়ি পরে নামাজ পড়েছেন, আব্রু রক্ষা করেছেন। তাহলে আপনারা কেন সব উল্টাপাল্টা কথা বলবেন? হিজাব তো আর আমাদের দেশের সংস্কৃতি নয়, এটা সৌদি আরবের, তাহলে এটা আমরা কেন পরবো? এমন হলে তো আমাদের মা, দাদী কেউ বেহেশতে যাবেন না।
মেনন আরো বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। তাই যদি হয় তাহলে মেয়েদের সম্পর্কে হুজুররা এসব উল্টোপাল্টা কথা কেন বলবেন?
মেননের এমন স্পর্ধিত বক্তব্যে গতকাল থেকেই উত্তপ্ত ধর্মীয় অঙ্গন। ধর্মপ্রাণ মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন মেননের বিরুদ্ধে। সরকারের কাছে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন অনেকে।
আরও পড়ুন : মেননের কেন এত ক্ষোভ?
