
ফাতেহ ডেস্ক
রাজনীতিতে সত্যিকার অর্থের একটি বিরোধী দল চান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘আমরা সত্যিকার অর্থে একটি বিরোধী দল চাই। কেননা আমরা তর্কভিত্তিক এবং গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী। আমরা চাই না, কেবল না সূচক শব্দ দিয়ে কেউ অন্ধের মতো সমালোচনা করুক।’
রোববার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত দলের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সবাই বাংলাদেশের অর্থনৈতিক সূচক নিয়ে প্রশংসা করেন। অনেকে এমন প্রবৃদ্ধি দেখে বাংলাদেশকে অনুকরণ করছে। এত সব উন্নয়ন দেখে সবাই প্রশংসা করলেও বিএনপি আর সিপিবি করতে পারে না।
যে পেট্টোল বোমা সন্ত্রাসের তকমা বিএনপির গায়ে জড়িয়ে আছে, এটি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের বাইরে আপনারা কেবল খালেদা জিয়া মুক্তি, হাঁটুর ব্যথা আর তারেক রহমানের মামলা নিয়ে পড়ে আছেন। আমি অনুরোধ করব আপনারা এমন কার্যক্রম ছেড়ে জনতার কল্যাণে রাজনীতি করুন।’
