বাংলাদেশ-মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে মার্কিন বিমান বাহিনীর ৬ দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া শুরু হয়েছে। দেশের লালমনিরহাটে দ্বিতীয়বারের মতো দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত সেবাদানের এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম এই মহড়ার উদ্বোধন করেন। এ সময় রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ লালমনিরহাটের বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ২৫০ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর ক্রিস্টোফার ফালমার নেতৃত্বে প্রায় ১০০ সদস্য অংশ নিয়েছেন। এছাড়া প্রতিবেশি নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ডের ৬ জন চিকিৎসকও যুক্ত হয়েছেন এ মহড়ায়।

মহড়ায় লালমনিরহাটের অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী দ্রুত সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এতে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট এবং লালমনিরহাটের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ কার্যক্রম এবং স্যানিটারি সামগ্রীও দেয়া হচ্ছে।

আগের সংবাদট্রাম্পের ৫ হাজার কোটি ডলারের প্রলোভন প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা
পরবর্তি সংবাদ‘জয় শ্রীরাম’ বলানোর পরও মুসলিম যুবককে হত্যা