রাজধানীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ফাতেহ ডেস্ক

রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে মোছা. আসিফুন্নাহার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ডেমরার শুকুরশী গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডেমরা ফাঁড়ির পুলিশ ওই দিন বিকালে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার পর লাশ মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়। আসিফুন্নাহার কিশোরগঞ্জের মিঠামাইল থানার মুসুরিয়া গ্রামের মো. জিয়াউদ্দিনের মেয়ে।

তিনি শুকুরশী গ্রামের মো. মাজহারুল ইসলামের স্ত্রী। ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কুদ্দুস বলেন, আসিফুন্নাহার ও তার স্বামী দু’জনেই রূপগঞ্জের একটি সুতার কারখানার শ্রমিক। তাদের বিয়ে হয় ৪ মাস আগে।

নাইট ডিউটি শেষে শনিবার সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে ডিউটি শেষ করে বাসায় ফেরেন। পরে শনিবার দুপুরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই গৃহবধূ বাথরুমে গিয়ে টিনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।

এ ঘটনায় দ্রুত তার স্বামী বাথরুমে গিয়ে মুমূর্ষু অবস্থায় আসিফুন্নাহারকে উদ্ধার করে শিমরাইল-কাঁচপুর ব্রিজ সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক আসিফুন্নাহারকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসিফুন্নাহারের স্বামীকে আটক রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আগের সংবাদখুলনায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
পরবর্তি সংবাদভারতে আবারও আক্রমণের শিকার মুসলিম কিশোর