
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মৌসুমি প্রবল বর্ষণের কারণে একটি দেয়াল ধ্বসে পড়ায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ জন ।
মুম্বাইয়ের স্থানীয় কর্তৃপক্ষের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মুখপাত্র তানাজি কাম্বলি এএফপি’কে বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে একটি বস্তির অবকাঠামো ভেঙ্গে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রবিবার সারারাত এবং সোমবার ভোরের টানা বৃষ্টিতে কার্যত থমকে গেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, রেললাইন, বিমানবন্দর। এমন পরিস্থিতিতে অনেক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে এবং সকল বাসিন্দাকে ঘরবাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দিয়েছে। স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
লাগাতার দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণের ফলে উপকূললীয় এলাকার প্রায় ২ কোটি মানুষ বন্যা কবলিত হয়ে পড়ার পর এ মর্মান্তিক ঘটনা ঘটলো।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর ৪ টা থেকে ৫ টা পর্যন্ত-একঘণ্টায় কেবলমাত্র পালঘর এলাকাতেই বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ৩৬০ মিলিলিটারেরও বেশি।
উদ্ধারকর্মীরা যেখানে দেয়াল ধসে পড়েছে সেখানে এবং মুম্বাইয়ের উত্তরাঞ্চলের যে বস্তিতে অবকাঠামো ভেঙ্গে পড়েছে সেখানে জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আরএইচ/
