হাওরে মাছ ধরতে গিয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

ফাতেহ ডেস্ক

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন পিতা হারিদুল মিয়া (৪২) ও পুত্র তারা মিয়া (১২)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কানামইয়া হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকটিলা গ্রামের মৎস্যজীবী হারিদুল তার পুত্র তারা মিয়াকে নিয়ে বাড়ির সামনের কানামইয়া হাওরে চাঁই (বাঁশ দিয়ে বানানো মাছ ধরার বিশেষ ডুবন্ত যন্ত্র) দিয়ে মাছ ধরতে যান। সাড়ে ১০টার সময় বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে যান বাবা ও ছেলে। দুজনই ঘটনাস্থলেই মারা যান। বাড়ি থেকে নিহতের স্ত্রী ও মা নৌকার ওপরে স্বামী ও পুত্রকে না দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করেছেন।

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল বলেন, আজ তাহিরপুরে একই সঙ্গে মর্মান্তিকভাবে বাবা ও ছেলে মারা গেছেন। আমরা আশঙ্কা করছি হাওরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে। কারণ এই বন্যায় ঝুঁকি নিয়ে তারা স্কুলে যাচ্ছেন হাওরপাড়ি দিয়ে। যেকোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বিশেষ বিবেচনায় এই দুর্যোগকালীন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার আহ্বান জানান।

পিতা ও পুত্র বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি নিহতদের পরিবারের হাতে ২৫ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন। এর আগে গত ১০ জুলাই জামালগঞ্জ উপজেলায় স্কুল থেকে প্রিয় সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড মাঠে বজ্রাঘাতে মারা যান বাবা সাবিতুল ও পুত্র অন্তর।

আগের সংবাদপুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা
পরবর্তি সংবাদরাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধস, ২ পথচারী নিহত