জুমার নামাজের খুতবায় ইমামদের গুজববিরোধী বয়ান করতে বলা হবে : আইজিপি

ফাতেহ ডেস্ক

আগামীকাল থেকে এক সপ্তাহ দেশজুড়ে গুজববিরোধী সচেতনতা সপ্তাহ পালন করা হবে। সচেতনতা সপ্তাহর অংশ হিসেবে আগামী শুক্রবার জুমার নামাজের খুতবার সময় ইমামদের গুজববিরোধী বয়ান করতে বলা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার বেলা ১১টায় পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণপিটুনি দিয়ে যারা মানুষ হত্যা করছে এবং গুজব ছড়াচ্ছে তাদের হুঁশিয়ার করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যে যত বড় শক্তিশালীই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেবো না। প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘কেউ যদি এ রকম ঘটনা (ছেলেধরা) দেখতে পান বা জানতে পারেন, কাউকে যদি সন্দেহ হয়—আইন নিজের হাতে তুলে না নিয়ে, ৯৯৯ নম্বরে ফোন করবেন। অল্প সময়ের মধ্যে আমাদের ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যাবে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামীকাল থেকে এক সপ্তাহ দেশজুড়ে গুজববিরোধী সচেতনতা সপ্তাহ পালন করা হবে। এর অংশ হিসেবে প্রতিটি জেলা, থানা ও মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যরা উঠান বৈঠক করবেন। স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে গুজবে আতঙ্কিত না হওয়ার প্রচারণা চালাবেন।’ তিনি বলেন, ‘সচেতনতা সপ্তাহর অংশ হিসেবে আগামী শুক্রবার জুমার নামাজের খুতবার সময় ইমামদের গুজববিরোধী বয়ান করতে বলা হবে।’

জাবেদ পাটোয়ারী জানান, এখন পর্যন্ত গুজব রটনার অভিযোগে ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট, ২৫টি ইউটিউব চ্যানেল ও ১০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত আট জন গণপিটুনিতে নিহত হয়েছেন; যাদের কেউই ছেলেধরা বা শিশু অপহরণকারী ছিলেন না। এমনকি যারা গণপিটুনিতে আহত হয়েছেন, তাদের কারও বিরুদ্ধে ছেলেধরা বা শিশু অপহরণের অভিযোগ পাওয়া যায়নি। এখন পর্যন্ত গুজব ও গণপিটুনির অভিযোগে ৩১টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন, ‘দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে রুখে দিতে স্বার্থান্বেষী একটি মহল এসব গুজব উস্কে দিচ্ছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে গ্রেফতার হওয়া অনেকেই সরকারবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত বলে আমরা তথ্য পেয়েছি। এমনকি দুবাই থেকে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন, তিনি সরকারবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমরা তাকেও শনাক্ত করেছি।’

আগের সংবাদফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
পরবর্তি সংবাদসিরিয়ার তাল আল-হারা’য় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল