
আন্তর্জাতিক ডেস্ক
শুধু আসাম নয়, গোটা ভারতেই বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে এনআরসি তথা জাতীয় নাগরিকদের নিবন্ধন আপডেট করা হবে বলে জানিয়েছে বিজেপি। খবর এনডিটিভি।
শুক্রবার বিজেপি নেতা এবং মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, অবৈধ অভিবাসীদের জন্য ভারত কোনও ‘ধর্মশালা’ (আশ্রয়) হতে পারে না।
তিনি আরও বলেন, এনআরসি কেবল আসামের জন্য নয়, এটি পুরো দেশের জন্য আবশ্যক এবং আমরা এটি করবো। আমরা দেশকে এমন একটি ধর্মশালায় পরিণত হতে দিতে পারি না, যেখানে যে কেউ অবৈধভাবে প্রবেশ করতে পারে এবং চিরতরে থাকতে পারে। আমরা এটিকে পরিবর্তন করব।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দলীয় অনুষ্ঠানের জন্য গুয়াহাটিতে তিন দিনের সফরে রয়েছেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
