
ফাতেহ ডেস্ক
কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেয়ার প্রতিবাদে রাজধানী ঢাকাতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খেলাফত যুব মজলিস। সোমবার বিকেলে মুহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে যুব মজলিস নেতাকর্মীরা ভূসর্গ কাশ্মীর থেকে অবিলম্বে দখলদার ভারতের নিযুক্ত সব সৈন্য প্রত্যাহারের দাবি করেন।
এদিকে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী ঢাবি শিক্ষার্থী নাসির উদ্দিন বলেন, কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া অন্যায় হয়েছে। সেখানে সৈন্যসমাবেশ করা হয়েছে। সাধারণ মানুষের মতামত প্রকাশের অধিকার কেড়ে নেয়া হয়েছে। তাই আমরা আজকে এটার প্রতিবাদে মিছিল করেছি।
মিছিলে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী বলেন, আমরা কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান চাই। এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘ দিনের সমস্যা। যখনই কোন দেশের মানুষের উপর হামলা হয়, জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। কিন্তু কাশ্মীর সমস্যা নিয়ে জাতিসংঘ চুপ কেন! জবাব চাই!
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণার পর কাশ্মীরে আরো ৮ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের উত্তর প্রদেশ, ওড়িশা, আসাম রাজ্য থেকে থেকে আকাশপথে ৮ হাজার সেনাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়। এর আগে সেখানে বাড়তি ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয়।
