সৌদিতে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার আইন শিথিল হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

শিথিল হচ্ছে সৌদি আরবে নামাজের সময়ে দোকানপাট বন্ধ রাখার আইন। কর্তৃপক্ষকে আর্থিক ভাতা প্রদানের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে এই মর্মে সৌদি আরব সরকার গত জুলাইয়ে একটি নির্দেশনা জারি করে। দেশটির অধিকাংশ ব্যবসায়ীর মতে, সরকারের এ ঘোষণা নামাজের সময় দোকানপাট খোলা রাখার আইন চালু হওয়ার প্রচ্ছন্ন ইংগিত। খবর ডেইলি সাবাহ আরবি।

সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এ নির্দেশনার ফলে ২৪ ঘণ্টা খোলা রাখতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি প্রতিষ্ঠান বাবদ ১ লাখ রিয়াল খরচ করতে হবে। যার পরিমাণ অন্তত ২৭ হাজার মার্কিন ডলার।

মঙ্গলবার আজান চলাকালীন রাজধানী রিয়াদের কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট খোলা দেখা যায়, যা সৌদি আরবে বিরল ঘটনা। আগে যেখানে আজানের সঙ্গে সঙ্গে কফি হাউজ, রেস্টুরেন্ট ও ব্যবসাকেন্দ্রগুলো দ্রুত বন্ধ করার জন্য পুলিশের তৎপরতা শুরু হতো। সেখানে আজানের পরও দেদারছে বেচাকেনা চলছে।

বিষয়টিকে ক্রাউন প্রিন্স বিন সালমানের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখছে দেশটির নাগরিকরা।

আগের সংবাদআফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠার ব্যাপারে অনড় তালেবান
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের নিয়ে বাংলায় প্রতিবেদন করল নিউইয়র্ক টাইমস