
আন্তর্জাতিক ডেস্ক
মুক্তির জন্য ভারত সরকারের দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। এ কারণে তাদের বন্দিদশার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক মুক্তির প্রস্তাব নিয়ে মেহবুবা এবং ওমরের সঙ্গে নিজে দেখা করেছিলেন। বন্দিদশা থেকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি। তবে এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি শর্তারোপ করা হয়।
মুক্তির প্রস্তাবে সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে বলা হয়, বন্দিদশা থেকে ছাড়া পেলে সমর্থকদের নিয়ে কোনোরকম সমাবেশ করা যাবে না। ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে কোনো প্রকার মিটিং-মিছিল ডাকা যাবে না। তবে এই শর্ত মানতে রাজি হননি মেহবুবা এবং ওমর। এরপরই তাদের আরও বেশ কিছুদিন বন্দি রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
এ নিয়ে যদিও দিল্লির তরফে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে মেহবুবা এবং ওমরের কাছে এই ধরনের প্রস্তাব নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সত্যপাল মালিক। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাউকে ছাড়া হবে, না আটক করে রাখা হবে, রাজ্যপাল সেই সিদ্ধান্ত নেয় না। আমি কোনও প্রস্তাব দিইনি।’
উল্লেখ্য, কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের দিন গত ৪ আগস্ট ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে ভারতীয় বাহিনী। পরদিন তাদের গ্রেফতার দেখিয়ে শ্রীনগরের বাসা থেকে স্থানীয় সরকারী গেস্ট হাউসে রাখা হয়।
