
আন্তর্জাতিক ডেস্ক
আমাজনের রেইন ফরেস্টকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে আগামী দু’মাস ব্রাজিলে আগুন জ্বালানো বন্ধ রাখা হবে। তবে কৃষিক্ষেত্রে বা বন বিভাগের কোনো প্রয়োজনীয় কাজের জন্য সরকারি অনুমতি নিয়ে আগুন জ্বালানো যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
আগামী কয়েক দিনের মধ্যে এ নিয়ে সরকারি ডিক্রিও জারি করা হবে বলে জানিয়েছে তার প্রশাসন।
আমাজনের আগুন এখন কতটা নিয়ন্ত্রণে, তা নিজের চোখে দেখতে এই সপ্তাহের শেষেই রেইন ফরেস্টে যাওয়ার কথা বোলসোনারোর। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত কাল দাবি করেছিল, আমাজনের আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ব্রাজিলের সরকার এই দাবির সমর্থনে কাল একটি স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে। বোলসোনারো সরকার আরো জানিয়েছে, পেরু এবং চিলের সরকার ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়েছে। দুই সরকারই বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানোর কথা ঘোষণা করেছে।
ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগুন নিয়ন্ত্রণে বলে দাবি করলেও গত দু’দিনে আরো কয়েকটি জায়গা নতুন করে জ্বলতে শুরু করেছে বলে জানা গেছে। ইউরোপের সাহায্য নেবেন না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। কাল অবশ্য সরকারি মুখপাত্র জানান, বিদেশি অনুদান তারা তখনই নেবেন, যেখানে প্রেসিডেন্টের সায় থাকবে।
