পুলিশের উপর বোমা হামলা, আহত দুই পুলিশ সদস্য

ফাতেহ ডেস্ক

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

আহতরা হচ্ছেন- এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল ((৪০)। বর্তমানে তারা দু’জন ঢামেকে চিকিৎসাধীন।

জানা যায়, আহত দুই পুলিশ সদস্য স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমা বিস্ফোরণ ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে কনস্টেবল আমিনুলের হাতের আঙুলে এবং এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শনিবার রাতে সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতেই পুলিশের উপর এ ধরনের ঘৃণ্যতম হামলা করা হয়েছে।

আগের সংবাদরাত ৯টার পর দলবদ্ধ আড্ডা নয়, বন্ধ করতে হবে চায়ের দোকান
পরবর্তি সংবাদটেক্সাসে আবারও শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলি, নিহত ৫