সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক: বাগদাদসহ তিন শহরে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক :

বছরজুড়েই চাকরির সংকট ও নিম্নমানের সেবায় সরকারের প্রতি অসন্তুষ্ট ইরাকের জনগণ গত কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল। বিশেষকরে মঙ্গলবার বাগদাদে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রাজধানীর সব প্রধান সড়ক বন্ধ করে দেয়। বিক্ষুব্ধদের দমনে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। এ সংঘর্ষে অন্তত সাতজন নিহত ও প্রায় ১৫০ জন আহত হন।

এদিকে বিক্ষোভ বানচাল করতে আজ শহরজুড়ে কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। কয়েকটি এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে সরকার।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেন, বৃহস্পতিবার স্থানীয় বিকাল ৫টা থেকে বাগদাদে সব ধরনের যান এবং মানুষ চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে এই কারফিউয়ের আওতায় থাকবে না বিমানবন্দরে আসা ভ্রমণকারী, অ্যাম্বুলেন্স, সরকারি হাসপাতালের কর্মচারী, বিদ্যুৎ এবং পানি বিভাগ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া ব্যক্তিরা।

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ ইতিমধ্যে বাগদাদ থেকে ছড়িয়ে পড়েছে ইরাকের আরও তিন শহরে। যে কারণে দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়া, আমারা এবং হিল্লা শহরেও কারফিউ জারি রয়েছে।

আগের সংবাদদক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রশ্নে মার্কিন কংগ্রেসের শুনানি, গুরুত্ব পাবে কাশ্মীর
পরবর্তি সংবাদবাগদাদে বিক্ষোভ : কারণ, প্রভাব ও প্রতিক্রিয়া