
ফাতেহ ডেস্ক :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ (৩৩) নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পথচারীরা ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
আবুল কালাম আজাদ ইদিলপুর ইউনিয়নের মহিপুর উত্তর পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের একটি মসজিদের পেশ ইমাম।
সাদুল্লাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
