ভোলায় চার মুসল্লির শাহাদাতের ঘটনায় যা বললেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ফাতেহ ডেস্ক :

ভোলার বুরহানুদ্দীন উপজেলায় পুলিশের আক্রমণে চারজন নবিপ্রেমিক মুসল্লির শাহাদাতের ঘটনায় বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, এক হিন্দু ছেলের আইডি হ্যাক করে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ছেলের আইডি হ্যাক করে ‘সাম্প্রদায়িকতাকে উসকে’ দিয়ে যারা সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন নানা ধরনের ঘটনা ঘটছে।

ভোলার ঘটনায় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেন অশান্ত না হয়, সেভাবে খবর প্রচার করতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ নামক স্থানীয় এক হিন্দু যুবক নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তার কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে ম্যাসেজ পাঠায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ওই ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে।

এতে স্থানীয় ধর্মপ্রাণ জনতা আজ রোববার সকালে বোরহানউদ্দীন হাইস্কুল মাঠে হিন্দু এ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত এই সমাবেশটি চলছিল। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এসময় পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলে প্রতিবাদী জনতাকে। প্রতিবাদী জনতা পুলিশের এ কথা না মানলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তখন নির্বিচার গুলি বর্ষণ করে। এতে এ পর্যন্ত চারজন মুসল্লি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতবরণকারীরা হলেন– মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। নিহতদের বাড়ি একই এলাকায়। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই।

এদিকে সাধারণ মানুষের এ প্রতিক্রিয়ায় অবস্থা বেগতিক দেখে গতকাল সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র নামক ওই হিন্দু যুবক বোরহানউদ্দিন থানায় তার আইডি হ্যাক হয়েছে দাবি করে একটি জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

আগের সংবাদভোলায় ৪ মুসল্লির শাহাদাতের ঘটনায় হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ
পরবর্তি সংবাদমাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চে যোগ দেবে পাকিস্তানের সরকার-বিরোধী সকল রাজনৈতিক দল