হংকংয়ে পুলিশ বনাম বিক্ষোভকারী সংঘর্ষ, মসজিদে জলকামান নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক :

দিনেদিনে সহিংস হয়ে উঠেছে হংকংয়ের বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেড়েই চলেছে। এদিকে রোববার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির প্রধান মসজিদে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় সোমবার মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

জানা যায়, গত রোববার রাতে কোলোন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। সে সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের প্রতিহত করার সময় ভুলবশত মসজিদের গেট এবং এর সামনের ফুটপাতে জল কামান নিক্ষেপ করা হয়। সে সময় সেখানে সাধারণ মানুষ ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। সোমবার সকালে যখন মুসুল্লিরা নামাজ পড়তে আসেন তখনও নীল রংয়ের পানি রাস্তায় পড়েছিল।

সোমবার সকালে কোলোন জেলায় অবস্থিত মসজিদটি পরিস্কারের কাজ চলার সময় সেখানে পরিদর্শন করেন ক্যারি লাম। সে সময় তিনি ইসলামি নেতাদের প্রতি তার সমবেদনা প্রকাশ করতে শাল দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন।

জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি। তার আগেই ওই মসজিদ পরিদর্শন করলেন ওই লাম। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভুলবশত মসজিদে জলকামান নিক্ষেপ করা হয়েছে।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্যারি লাম মুসলিম নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। কারণ তারা লোকজনকে বারবার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে আসছেন।

আগের সংবাদতিন মাইল দীর্ঘ পতাকা উত্তোলন করে কাশ্মীরিদের প্রতি পাকিস্তানিদের একাত্মতা
পরবর্তি সংবাদভোলার ঘটনায় দেশব্যাপী হেফাজতের ৫ দফা কর্মসূচি ঘোষণা