আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান অধিকৃত গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মীরের কিছু অংশকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে ভারতের প্রকাশিত নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের প্রকাশিত নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করা হয়েছে। খবর ডন।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২ নভেম্বর ভারতের প্রকাশ করা মানচিত্র ভুল। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন করেছে। পাকিস্তান এ রাজনৈতিক মানচিত্র প্রত্যাখ্যান করে, যা জাতিসংঘের মানচিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে গতকাল শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিকৃত জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভেঙে কেন্দ্র শাসিত দুটি অঞ্চল হিসেবে নতুন মানচিত্র প্রকাশের তথ্য জানায়। নতুন মানচিত্রে দেখা যায়, পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু-কাশ্মীরের কিছু অংশ ভারতের লাদাখের অন্তর্ভূক্ত করা হয়েছে।
