ফাতেহ ডেস্ক :
ক্যাসিনোবিরোধী অভিযানের মতো পেঁয়াজের মূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছে একটি ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)।
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘পেঁয়াজ সিন্ডিকেটের মূল্য নৈরাজ্য’ শিরোনামে করা সংবাদ সম্মেলনে পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি বলছে, সরবরাহ কম ও আমদানি খরচ বেশির অজুহাত দেখিয়ে পেঁয়াজের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। গত চার মাসে ভোক্তাদের কাছ থেকে তিন হাজার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। শুধু অক্টোবর মাসেই প্রায় দেড় হাজার কোটি টাকা হাতানো হয়েছে। সিসিএস কর্মকর্তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব পর্যালোচনার ভিত্তিতে তাঁরা এই তথ্য পেয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সংগঠনের সদস্য শহিদুল ইসলাম ও জয়ন্ত কৃষ্ণ জয়।
মাসওয়ারি ভোক্তার ক্ষতির হিসাব তুলে ধরে পলাশ মাহমুদ বলেন, জুলাই মাসে ভোক্তার ক্ষতি ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা, আগস্টে ৪৯১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৮২৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা আর অক্টোবরে এক হাজার ৪৬৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার কোটি টাকা।
সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের হাত থেকে ভোক্তাকে মুক্ত করতে সিসিএসের পক্ষ থেকে চারটি দাবি জানানো হয়। এগুলো হলো—ক্যাসিনোবিরোধী অভিযানের মতো মূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো বা দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া, দ্রুত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা, পেঁয়াজ ছাড়াও যেকোনো পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে সরকার থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বোচ্চ মূল্য ঘোষণা করা, যাতে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি করতে না পারে এবং পণ্য বা সেবার ন্যায্য মূল্য নিশ্চিতে অংশীজনদের নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরে একটি সেল গঠন ও সার্বক্ষণিক তদারকি করা।
