ফাতেহ ডেস্ক :
দেশের প্রথম সুফি শিল্প প্রদর্শনী ‘ফানা-ফি-আল্লাহ’ উদ্বোধন করা হয়েছে। গত ৯ নভেম্বর ১২ রবিউল আওয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকার পূর্বাচলের দর্জি-বাড়িতে বেগম রেস্তোরাঁ ও গ্যালারিতে শিল্পী আইরিন খান এর ‘ফানা-ফি-আল্লাহ’ নামের এই একক প্রদর্শনী উদ্বোধন করা হয়।
‘ফানা-ফি-আল্লাহ’ নামের এই প্রদর্শনীতে ১২টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। যেখানে উল্লেখযোগ্য একটি শিল্পকর্ম হলো ‘ফানা-ফি-আল্লাহ’ নামের একটি ২৫ ফিট দৈর্ঘ্যের চিত্রকর্ম। ‘ফানা-ফি-আল্লাহ’ প্রদর্শনীটি সুফি শিল্পী রনি আহম্মেদ সম্পাদনা করছেন।
সুফি শিল্পী আইরিন খান জানান, এই প্রদশর্নীর বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে আমার শুরু কোথায় থেকে, মহাবিশ্বের অপ্রকাশিত সব সত্যের অনুসন্ধানে, যেখান থেকে আমাদের আগমন, যে দিকে আমাদের যাত্রাপথ-তাই খুঁজে বের করার চেষ্টা করেছি আমি।
প্রদর্শনীর কিউরেটর রনি জানান, সর্বোচ্চ নূরের বহুমাত্রিকতা নিয়েই আইরিনের বিভিন্ন সৃষ্টিকর্মের প্রধান ভাষ্য। তিনি একজন মনোনিবেশিত শিল্পী। প্রচুর ধৈর্য সহকারে তাঁর শিল্পের পথটি অন্বেষণ করছেন। যেহেতু এটি বিশ্বাস ভিত্তিক শিল্পযাত্রা তাই তার দীর্ঘায়ু নিশ্চিত। তিনি কয়েকটি জ্যামিতিক চিত্র তৈরি করেছেন। যার প্রতীকী অর্থ ও আধ্যাত্মিক কোড রয়েছে।
এই প্রদর্শনী চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
