নাটোরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো কোরআন শরীফ

নাটোরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো কোরআন শরীফ

ফাতেহ ডেস্ক :

ক্রেস্ট নয়, সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীকে উপহার দেয়া হলো কোরআন শরীফ। বুধবার দুপুরে নাটোরের গুরুদাসপুরে আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ওই কোরআন শরীফ তুলে দেয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন ইউএনও মো. তমাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রভাষক মো. সাজেদুর রহমান ও প্রধান শিক্ষক আত্তাব উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়ের সভাপতি গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, শিশুদের ভেতরে মানবতা ও ধর্মীয় সত্তাকে জাগ্রত রাখতেই এই আয়োজন। শিশুরা পঞ্চম শ্রেণিতে উঠলেই কোরআন শরীফ শিক্ষা দেয়া হবে। বছর শেষে সমাপনী পরীক্ষার পর তাদের হাতে একটি করে কোরআন শরীফ তুলে দেয়া হবে।

জানা যায়, বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেয়া হচ্ছে। এজন্য বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের অর্থায়নে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এ বছর থেকেই এ শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

আগের সংবাদগাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ৩২, যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক উদ্যোগ
পরবর্তি সংবাদগাজা উপত্যকায় বিকাল সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে