আন্তর্জাতিক ডেস্ক :
টুইটারে হ্যাশট্যাগে পরিণত হয়েছে ভারতীয় মুসলিমদের সংগঠন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন বা এআইএমআইএম-এর প্রধান এবং হায়দরাবাদের এমপি আসাদুদ্দীন ওয়াইসির টুইট ‘আই ওয়ান্ট মাই মস্ক ব্যাক’ অর্থাৎ ‘আমি আমার মসজিদ ফেরত চাই’। খবর বিবিসি।
বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় নিয়ে গত ১৫ই নভেম্বর এক টুইট বার্তায় ‘আই ওয়ান্ট মাই মস্ক ব্যাক’ অর্থাৎ ‘আমি আমার মসজিদ ফেরত চাই’ লিখেন তিনি। তার সাথে তিনি জুড়ে দেন আউটলুক পত্রিকায় প্রকাশিত তার একটি সাক্ষাতকার – যাতে তিনি প্রশ্ন তোলেন : ‘১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হলে কি সুপ্রিম কোর্ট এই রায় দিতে পারতো?’
ইতোমধ্যেই টুইটটি ৮ হাজার ৮ শ’ বারেরও বেশি রিটুইট হয়েছে, লাইক দিয়েছেন ৩২ হাজারেরও বেশি। এ নিয়ে মন্তব্য করেছেন ২২ হাজারেরও বেশি।
ইরিনা আকবর নামে একজন মন্তব্য করেন: ‘একসময় বাববি মসজিদ বলে একটি মসজিদ ছিল, যা ১৫২৮ সালে তৈরি হয়, ১৯৪৯ সালে অপবিত্র করা করা হয়, এবং ১৯৯২ সালে ধ্বংস করা হয়। কিন্তু আমাদের স্মৃতিতে এ মসজিদ চিরদিন থাকবে।’
