আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের পক্ষে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির কঠোর বিরোধিতা করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের এই অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করে রিয়াদ। খবর ওয়াফা নিউজ।
গতকাল বুধবার (২০ নভেম্বর) ওয়াফা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইহুদিদের অবৈধ দখলদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন মধ্যপ্রাচ্যে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে বিরাট বড় প্রতিবন্ধক বলে আশংকা করছে সৌদি আরব। সৌদির দাবি, এতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের পথ আরও কঠিনতর ও সংকীর্ণ হয়ে যাবে।
সৌদি আরব আরও বলে, একটি দীর্ঘস্থায়ী শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা পাওয়া ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার। কিন্তু বরাবরই তারা তাদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত রয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এতদিন ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতার মাধ্যমে পশ্চিম তীরের মর্যাদা নির্ধারণের চেষ্টা ছিল। সবপক্ষের আইনি বিতর্কগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’
