ফাতেহ ডেস্ক :
বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে এখন বাংলাদেশ। বায়ু দূষণের দিক দিয়ে বাংলাদেশের ধারে কাছেও নেই কোনো দেশ। প্রায় ২১ পিএম কম বায়ু দূষণ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। এরপর ভারত, আফগানিস্তান, বাহরাইন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সর্বশেষ জরিপ থেকে এ তথ্য জান গেছে।
তাদের জরিপ অনুযায়ী, বাংলাদেশে গড় বায়ু দূষণের পরিমাণ ৯৭ দশমিক ১০, যেখানে পাকিস্তানের ৭৪ দশমিক ২৭, ভারতের ৭২ দশমিক ৫৪, আফগানিস্তানের ৬১ দশমিক ৮০ এবং বাহরাইনের ৫৯ দশমিক ৮০ পিএম২.৫।
এয়ার ভিজ্যুয়াল ঘণ্টায় ঘণ্টায় বায়ু দূষণের তথ্য হালনাগাদ করে। আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে ৫ নম্বরে ছিল ঢাকা। ওই সময় ঢাকা শহরে বায়ু দূষণের পরিমাণ ছিল ১৭১ পিএম। তখন ২০৯ পিএম নিয়ে প্রথমে ভারতের দিল্লি, তারপর ১৯২ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর, ১৮৭ পিএম নিয়ে কলকাতা ও ১৮২ পিএম নিয়ে মঙ্গলিয়ার উলানবাতর চতুর্থ স্থানে ছিল।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশে বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে রাজধানীর শ্যামপুর লাল মসজিদ এলাকায় ১৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌসের নেতৃত্বে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১৮মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।
