রাজাকারের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপার নাম!

ফাতেহ ডেস্ক :

রাজাকার তালিকার ৫৮ নম্বরে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আত্মীয়ের নাম। তিনি প্রধানমন্ত্রীর আপন ফুফা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বড় ভাই এবং আবুল হাসানাত আব্দুল্লাহর বড় চাচা মরহুম আব্দুল হাই সেরনিয়াবাত।

স্বজনদের দাবি, আব্দুল হাই সেরনিয়াবাত একাত্তরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তখন তার বয়স ষাটের ওপরে ছিল। তিনি স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন।

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপুর সঙ্গে আব্দুল হাই সেরনিয়াবাতের বাবা আব্দুল খালেক সেরনিয়াবাতের বিয়ে হয়। এ সূত্রে আব্দুল হাই সেরনিয়াবাত বঙ্গবন্ধুর ফুপাতো ভাই। পরবর্তীতে বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের সঙ্গে আব্দুল হাই সেরনিয়াবাতের ছোট ভাই শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বিয়ে হয়। এ দিক থেকে বঙ্গবন্ধুর বিয়াই হন তিনি। সব মিলিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

উল্লেখ্য, মহান বিজয় দিবসের আগের দিন গত রবিবার ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় তা নিয়ে চলছে তুমুল সমালোচনা। পরে এ ঘটনায় দু:খ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, এমন ভুলের দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভুল-ভ্রান্তি অনেক বেশি হলে এ তালিকা প্রত্যাহার করা হবে।

অন্যদিকে যাচাই-বাছাই না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগের সংবাদমুক্তিযুদ্ধ মঞ্চকে বিজেপি ও ‘র’র এজেন্ট বললেন ভিপি নুর
পরবর্তি সংবাদকুয়ালালামপুর সামিটে নেই ইমরান খান, যা বললেন মাহাথির