খাগড়াছড়ির হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, নামাজে থাকায় বেঁচে গেল শিক্ষার্থীরা

খাগড়াছড়ির হাফেজিয়া মাদ্রাসা অগ্নিকাণ্ড, নামাজে থাকায় বেঁচে গেল শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক :

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক। তবে মাদ্রাসা যখন আগুনে পুড়ছিল তখন ৫০ জনের ওপর শিক্ষার্থী মসজিদে আসরের নামাজ পড়ছিল। যে কারণে আগুন থেকে রক্ষা পেয়েছে তারা। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মো. নেছার উদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা আসরের নামাজ পড়তে মাদ্রাসা মসজিদে গেলে হঠাৎ করে আবাসিক ভবনে আগুন লাগে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। এ আগুনে শিক্ষার্থীদের বই, পোশাক, খাবারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান বলেন, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী বলেছেন, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে পাঁচ লাখ টাকা। শিক্ষার্থীদের বেশিরভাগই গরিব ও অসহায়।

ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ৬০টি কম্বল প্রদান করেছেন

আগের সংবাদনারী-পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর করলো সৌদি
পরবর্তি সংবাদমৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করলেন পারভেজ মোশাররফ