ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে চায় পার্লামেন্ট

ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে চায় পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকের এমপিরা। গতকাল রবিবার পার্লামেন্ট অধিবেশনে এমপিরা এ আহ্বান জানান। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদীও মার্কিন বাহিনী প্রত্যাহারের পক্ষে মতামত দেন।

পার্লামেন্টের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, ‘দায়েশ (আইএস)-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর আমাদের প্রয়োজন নেই। দেশরক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে।’

ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী বলেন, অভ্যন্তরীণ ও বাইরের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নৈতিকতা ও বাস্তবতার দিক থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করাই হবে ইরাকের জন্য সেরা সিদ্ধান্ত।

উল্লেখ্য, আইএস-বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছিল ইরাক। রবিবার পাস হওয়া প্রস্তাবে সরকারকে ওই আমন্ত্রণ বাতিল করতে বলা হয়েছে। এতে সব ধরনের বিদেশি সেনার উপস্থিতির ইতি টানতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আগের সংবাদবাগদাদের গ্রিন জোনে আবারও রকেট হামলা
পরবর্তি সংবাদপরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিল ইরান