আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় রাশিয়া ও তুরস্কের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নিয়েছে দেশটির বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী। এক ভিডিও বার্তায় হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ আল-মিসমারি এই তথ্য নিশ্চিত করেন।
আল-মিসমারি বলেন, তারা শান্তি প্রস্তাবে রাজি আছে। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের যুদ্ধবিরতির আহ্বানকে স্বাগত জানাই। তবে তা লঙ্ঘন হলে কঠোর পদক্ষেপ আমরা।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে লিবিয়া। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব,ও ফ্রান্স।
রাজধানী লিবিয়ার দখল নিতে জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে গত বছরের এপ্রিল থেকে অভিযান শুরু করেছে হাফতারের বাহিনী। জাতিসংঘের হিসেবে এই অভিযানে অন্তত এক হাজার মানুষ নিহত ও অপর অন্তত ৫ হাজার আহত হয়েছে। গত বুধবার ইস্তানবুলে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার দুই পক্ষকেই যুদ্ধবিরতির আহ্বান জানান।
ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারও এই আহ্বানকে স্বাগত জানায়।
