উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও গুলি করে মারব : বিজেপি নেতা

উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও গুলি করে মারব : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ-বিক্ষোভে উত্তরপ্রদেশে যেমন গুলি চালানো হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গেও গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার সন্ধ্যায় নদীয়ার রানাঘাটে অভিনন্দন যাত্রা এক জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

বিজেপির এই সাংসদ বলেন, ‘আসাম, উত্তরপ্রদেশ ও কর্নাটকে এই শয়তানদের আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। ওরা এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছ নাকি? লাঠিও মারব, গুলিও করব, জেলেও পাঠাবো। আর তাই করেছে আমাদের সরকার।’

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘যারা হিন্দু বিরোধিতা করছে, বাঙালি বিরোধিতা করছে, তাদের চিনে রাখুন। সারা ভারতে দুই কোটি মুসলমান অনুপ্রবেশকারী রয়েছে। তার মধ্যে এই রাজ্যে রয়েছে এক কোটি। তাদের ভোটের জন্য দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।’

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকত্ব তালিকার বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। বিক্ষোভকারীদের সম্পত্তি ক্রোক করতেও শুরু করেছে রাজ্য সরকার।

আগের সংবাদঅস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে লিবিয়ার দুই পক্ষ
পরবর্তি সংবাদবেইজিংয়ের ইসলামিক স্ট্রিটে মসজিদের গম্বুজ ও মিনার ভাঙল চীন কর্তৃপক্ষ