
ফাতেহ ডেস্ক: অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই তিনশো আসনের ভোটার তালিকার সিডি প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
দুপুরে কমিশনের এক সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই ভোটার তালিকার সিডি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়া তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে কেউ ভোটার হতে চাইলে তারও ব্যবস্থা করা হবে। আগামী বছর থেকে হালনাগাদ ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয় উল্লেখ করার সুযোগ থাকবে বলেও জানান তিনি।
এছাড়া আসছে তিন সিটির নির্বাচনে বরিশালে ১০টি এবং রাজশাহী ও সিলেটে ২টি করে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে বলে জানান ইসি সচিব।
