সম্পন্ন হলো আল্লামা আনোয়ার শাহ’র জানাযা

সম্পন্ন হলো আল্লামা আনোয়ার শাহ’র জানাযা

ফাতেহ ডেস্ক :

ছোট ছেলে মাওলানা আনযার শাহ তানীমের ইমামতিতে সম্পন্ন হলো দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেবের জানাযার নামাজ। আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার ) দুপুর ২ টা ৫ মিনিটে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাযার নামায সম্পন্ন হয়।

প্রাণপ্রিয় মুরুব্বী ও রাহবরকে শেষবার দেখতে ও জানাযায় অংশ নিতে সারাদেশ থেকে অসংখ্য ভক্ত, মুরীদ ও ছাত্রদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বিশাল মাঠ ছিল কানায় কানায় ভরপুর। জায়গা না পেয়ে মাঠের আশে পাশের রাস্তায়, বাড়ির ছাদে, দোকান পাটে দাাঁড়িয়ে মানুষ জানাযায় শরিক হয়।

জানাযায় আগত মুসুল্লিদের উদ্দেশে বয়ান করেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ,মাওলানা আবদুল কুদ্দুস,মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী,মাওলানা আবদুল লতিফ নিজামী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি সাজিদুর রহমান, মুফতি ওয়াক্কাস, মাওলানা আবদুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী প্রমুখ। এসময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক হযরতের দীর্ঘ স্মৃতিচারণ করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান উপস্থিত হয়ে বলেন, প্রধানমন্ত্রী তাকে জানাযায় অংশ নিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি (বুধবার) বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

আগের সংবাদসৌদি-অনুমোদিত কুরআনের হিব্রু অনুবাদে ৩০০ ভুল, ইহুদিদের পরিভাষা ব্যবহার!
পরবর্তি সংবাদসাফর আল হাওয়ালি : সৌদির সংস্কারকামী আলেম