
ফাতেহ ডেস্ক: রাজধানীর বাজারে বাড়ছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে হালিতে ৪ টাকা পর্যন্ত। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে কাঁচামরিচসহ অন্যান্য সবজির দামও চড়া। বাজারভেদে রয়েছে দামের ব্যাপক হেরফের।
সবারই প্রতিদিনের খাবারের তালিকায় অন্তত একটি ডিম থাকে। তাই রাজধানীবাসীর ঘরে ঘরে ডিমের মজুদ থাকেই। এছাড়া তুলনামূলক সস্তা দামের প্রোটিন হওয়ায় বিক্রিও প্রচুর। গত সাত দিন ধরে ডিমের দাম বেড়েই চলেছে।
পাইকারি বাজারে একশ হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে। ফার্মের লাল ডিম ৭২০ টাকা আর সাদা ডিম মিলছে ৭০০ টাকায়। গত সপ্তাহের চেয়ে প্রায় ১০০ টাকারও বেশি। আর হালিতে ৩/৪ টাকা বেড়ে খুচরা বাজারে হাঁসের ডিম মিলছে ৪৮ থেকে ৫০ টাকায়। ফার্মের ডিম ৩২ থেকে ৩৪ টাকা হালি।
কারওয়ান বাজারের সবজির আড়তের সামনে চিচিঙ্গা, বেগুন, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকারও কমে। একই বাজারের একটু দুরেই তা কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে।
তবে দাম বাড়ার প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে কাঁচামরিচ। এক কেজি কিনতে হচ্ছে ১০০ টাকারও বেশি দামে।
কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজিতে।
