অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগের টার্গেট

ফাতেহ ডেস্ক: সরকারি দল আওয়ামী লীগের টার্গেট এবার অংশগ্রহণমূলক নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বও চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হোক।

৫ জানুয়ারির বিতর্ক ঘুচিয়ে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেতেই মূলত এ কৌশল কাজে লাগানো হচ্ছে। তারই অংশ হিসেবে আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে আওয়ামী লীগ।

এর পাশাপাশি নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে ও প্রাণবন্ত করতে ছোট ছোট অনিবন্ধিত রাজনৈতিক দলকে কিছু প্রণোদনা দিয়ে অংশীদার করতে চায় ক্ষমতাসীনেরা নীতিনির্ধারণী পর্যায় সূত্রে এমন আভাস পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন জোট ও জোটের বাইরে ৩৬টি নিবন্ধিত দল নিয়ে কাজ করছে সরকার। ছোট ছোট অনিবন্ধিত দলের সাথেও বিভিন্ন মাধ্যমে আলাপ-আলোচনা চলছে।

তবে বিএনপির বিষয়ে কোনো ছাড় দেবে না ক্ষমতাসীনেরা। এমনকি আগামী নির্বাচনে বিএনপির সংলাপ বা নির্বাচনকালীন সরকারের দাবির বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক মনোভাব দেখানো হবে না।

গত ৫ জুলাই সংসদ ভবনে আ’লীগের সংসদীয় দলের বৈঠকে এমপিদের উদ্দেশে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এতে সব রাজনৈতিক দল অংশ নেবে। এ বিষয়টি মাথায় রেখে সেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

আগের সংবাদআজ শুরু হচ্ছে হজ ফ্লাইট
পরবর্তি সংবাদ‘মুবাল্লিগদের’ প্রতিদান ও শাস্তির দাওয়াতও দিতে হবে: কাবার ইমাম