হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো।

উল্লেখ্য, বুধবার জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাতে কর্তৃপক্ষ আনাস মাদানিকে অব্যাহতিসহ দুটি দাবি মেনে নিলে ছাত্ররা ছাত্রাবাসে ফিরে যায়। কিন্তু আজ সকাল ১১.১৫ মিনিটে আবারও আন্দোলনে সরব হয়ে উঠে শিক্ষার্থীরা।

আগের সংবাদহাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক : ভিপি নূর
পরবর্তি সংবাদতিন ফিলিস্তিনিকে পুড়িয়ে হত্যার দায়ে ইজরাইলি যুবকের যাবজ্জীবন