
আন্তর্জাতিক ডেস্ক:
বইমেলায় যাওয়া এবং কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করার অপরাধে ইসলামিক স্কলার শাইখ ইউসুফ আল-আহমাদকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি। এছাড়াও তার ওপর চার বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। খবর মিডল ইস্ট আই।
প্রিজনার্স অব কনসায়েন্স নামে একটি মানবাধিকার সংগঠনের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, আল-আহমাদের বিরুদ্ধে অভিযোগ তিনি একটি বইমেলায় গিয়েছিলেন এবং কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করেছেন। এই সংগঠনটি সৌদি কারাবন্দিদের নিয়ে কাজ করে।
উল্লেখ্য, এর আগেও ২০১১ সালে কোনও অভিযোগ বা বিচার ছাড়াই কাউকে গ্রেপ্তার এবং সাজার সমালোচনা করায় শাইখ আল-আহমাদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০১২ সালের নভেম্বরে বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ তাকে ক্ষমা করে দিয়েছিলেন।
