আমাদের গ্রামের জীবন

কাজী মাহবুবুর রহমান ঃ 

আমার জীবন শুরু হয়েছে এক নিতান্ত অজপাড়া গাঁয়। তখনো ইলেক্ট্রিসিটি আসেনি সেখানে। আমাদের সেই দিনগুলি কেটেছে স্বপ্নের মত। বাড়ির পিছনে ছিল একটি বিশাল শিমুল গাছ। সারাদিন সেখানে খেলে বেড়াতাম। মা সেখান থেকে তুলে এনে মাদ্রাসায় পাঠিয়ে দিত।

তখন অজুর চারটি ফরজ ছিল আমাদের ঝাড়া মুখস্থ। সারা রাস্তা গলা ছেড়ে ছড়া কাটার মত সেসব আউড়ে যেতাম। প্রতিদিন দেখতাম একটা দিঘিরপাড়ে এক বৃদ্ধ রোদে বসে আছেন। আমরা পাশ কেটে গেলে অতি ক্লান্ত ভঙ্গিতে একবার মাথা ঘুরিয়ে দেখতেন। এরপরই বয়াতী বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গ নিত তিনটি কুকুর। ভয়ে আমাদের মুখ শুকিয়ে যেত। অবশিষ্ট পথ আমরা আউজুবিল্লাহ পড়তে পড়তে যেতাম।

এখনকার মত সব কিছু এত সহজলভ্য হয়নি তখন। বললাম, ইলেক্ট্রিসিটিই আসেনি। বাজার ছিল অনেকদূর। সেখানে কেবল আব্বাই যেতে পারেন। দুপুরবেলা বাড়ি ফিরে দেখতাম হরেকমালের কারবারি দরজায় বসে আছে। মা তাদের সঙ্গে দরদাম করে নানা জিনিস কিনত। আমরা এই হকারের আশায় অনেকদিন জমিয়ে রাখতাম পুরনো লোহা লক্কড়। নিখাদ অকারণেই হকারের টুনটুনির শব্দে হ্যামিলিওনের বাঁশিওলার মত পেছনে ছুটে ছুটে চলে যেতাম অনেকদূর।

বছর ঘুরে আসত শীতকাল। সঙ্গে নিয়ে আসত জেগে থাকা রাত আর পিঠাপুলি। শীতের রাতে আমরা চাদর মুড়ি দিয়ে জবুথবু হয়ে চুলার পাশে বসে থাকতাম। বড় হয়ে জেনেছি, এটা ছিল কবিতা। পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ। বর্ষায় ভিজত কদম ফুল। আদি জিপসিদের মত গ্রামে ছড়িয়ে পড়ত বেদে পরিবার। প্রবল ভয়ার্ত চোখে আমরা দেখতাম সাপখেলা।বিল সাতরে প্রতিদিন দেখে আসতাম একগুচ্ছ রক্তশাপলার ফুল। বর্ষার পানি নেমে গেলে বেদেরা চলে যেত কোথাও। এখানে সেখানে লটকে থাকত সাপের খোলস।

শীত তো চলে গেছে আগেই। তারপর ঝিঁঝিঁ ডাকত। সারাদুপুর ঝালাপালা করে ফেলত। আমরা নারিকেলের মালা ঠুকে বন্দী করে ফেলতাম বোকা বোকা ঝিঁঝিঁদের। তারপর বন্দী ঝিঁঝিঁরা ডাকত কৌটার ভেতর।

আমরা খেলতাম মারবেল। আজ মনে পড়ে, সেই মারবেলের ভেতর রৌদ্রের আলো পড়ে বহুবর্ণিল হয়ে মিশে গেছে আমাদের অজপাড়াগায়ের শৈশব। গ্রাম ছেড়েছি আজ যুগ হতে চলল। অভ্যস্ত হইনি এতদিনেও। আজো ভেতরে ভেতরে একটি অজগাড়া গাঁ বয়ে বেড়াই।

আগের সংবাদবরিশালে দুই প্রার্থীর ভোট বর্জন
পরবর্তি সংবাদতিন সিটিতেই কারচুপির অভিযোগ রিজভীর