
কাজী মাহবুবুর রহমান ঃ
পৃথিবীতে অন্যতম এক নাটকের মঞ্চ হল হাসপাতাল। প্রতিদিন, প্রতিমুহুর্তেই হাজারও নাটক মঞ্চস্থ হচ্ছে এখানে। জীবনের বিভিন্ন সময়ে আমাদের প্রত্যেককেই এসবের মুখোমুখি হতে হয়। কখনো আমরা একটি নতুন শিশুর চিৎকারে অগণন আনন্দ নিয়ে ফিরে আসি। কখনো ফিরে আসি প্রিয়জনের অসাড় দেহ কাঁধে নিয়ে।আমাদের জীবনের অনেক আবেগ, অনুরাগ, স্মৃতি, প্রেম ও শোকে ভারী হয়ে থাকে হাসপাতালের শাদা করিডোর।
আমার জীবনের সবচেয়ে উদ্বেগের কিছু রাত কেটেছে হাসপাতালে। একবার আব্বা অসুস্থ্য হয়ে পড়লেন। জেলা হাসপাতাল তাকে পাঠালো ঢাকায়। মনে পড়ে আমার সেই আনাড়ি বয়স। মনে পড়ে নির্ঘুম রাত। বারডেমের সেই ভারী চশমার ভদ্র প্রফেসর। কত কি যে দেখেছি সেই এক সপ্তাহে। আব্বা যেই সিটে ছিলেন, তার পাশেই একজন বয়স্ক ভদ্রলোক থাকতেন। চাপাইনবাবগঞ্জ না কোথা থেকে যেন এসেছেন। তিনিও ছিলেন নামাজি মানুষ। আমি দেখতাম আব্বা আর তিনি সিটে বসে ইশারায় নামাজ পড়তেন।
এক রাত্রে পাশের ভদ্রলোক মারা গেলেন। আব্বা তার জন্য কাঁদলেন খুব। আতংকে আমার বুকের রক্ত হিম হয়ে এল। আমার আব্বারও তো একই রোগ। তিনিও কি… হাসপাতাল থেকে যেদিন আব্বাকে রিলিজ করে দেয়া হল, সেদিন সিড়ি দিয়ে নামতে নামতে মনে হল, আমার বয়স অনেকখানি বেড়ে গিয়েছে। এতদিন পৃথিবীর বিরাট একটা অংশের সঙ্গেই যেন অপরিচিত ছিলাম। আমার চোখের সামনে ঘটে যাওয়া পৃথিবীর প্রথম মৃত্যু ছিল চাঁপাইনবাবগঞ্জের সেই বর্ষীয়ান ভদ্রলোকটির মৃত্যু। আমি সেইসব অতীতের মুখোমুখি আমি কখনো হতে চাইনা। তবে সেই অতীত আমাকে অনেকখানি গড়ে তুলেছে।
অনেক দুঃখ হাসপাতালের ভেতর গলে আমাদের জীবনে অমোঘ হয়ে আসে। যাদেরকে মেনে নিতে হয়। আবার কিছু দুঃখ এমনভাবে আসে, যা মেনে নেয়া যায় না। এই তো কিছুদিন আগেই ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় একটি শিশু মারা গেল। বেশ কিছুদিন আগে নিউজ দেখেছিলাম, রোগীর স্বজনদের থেকে বেশী অর্থ আদায়ের জন্য রোগীর মরদেহ দেড়দিন আইসিউতে রেখে দিয়েছেন ককর্তৃপক্ষ।
এসব ঘটনা আমাদের কেবল ব্যথিতই না, শংকিতও করে। করুণাময় আল্লাহ তায়ালার কাছে দুয়া করি, তিনি যেন আমাদেরকে এসব পরিস্থিতি থেকে হেফাজত করেন।
