
ফাতেহ ডেস্ক:
বহুবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) সুবিধাসহ ওমরাহ ভিসার মেয়াদ এক বছর হলেও সৌদি আরবে যেতে মানতে হবে নতুন নিয়ম। এখন থেকে প্রতিবার প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে নতুন সার্ভিস প্যাকেজ বুকিং দিতে হবে এবং নিতে হবে ওমরাহ পারমিট।
রবিবার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে।
নতুন নিয়মে যা যা থাকছে:
প্যাকেজ ক্রয়: ১ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার ভ্রমণের আগে ‘নুসুক’ প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত সেবা প্রদানকারীর মাধ্যমে সার্ভিস প্যাকেজ কিনতে হবে।
ওমরাহ পারমিট: সৌদিতে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করে সাথে রাখতে হবে।
অবস্থানের সর্বোচ্চ মেয়াদ: ১ বছর মেয়াদি এই ভিসায় একাধিকবার সৌদি ভ্রমণ করা যাবে। তবে সব মিলিয়ে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
তারিখের সামঞ্জস্য: ওমরাহ পারমিটের তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের মিল থাকা বাধ্যতামূলক।
প্রথমবার ওমরাহ যাত্রীদের করণীয়:
প্রথমবার যারা ওমরাহ করতে যাবেন, তাদের নুসুক প্ল্যাটফর্মে সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে পুরো প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ বাকি কাজ সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ১ বছরের ভিসা হাতে থাকলেই হুট করে চলে যাওয়া যাবে না; প্রতিবারই নতুন করে প্যাকেজ ও পারমিট নিশ্চিত করতে হবে।
