
১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, থাকছে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ
ঢাকা, ২৬ আগস্ট (ফাতেহ২৪):
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
রিজভী জানান, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিনে সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান তিনি।
৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্রকে সামনে রেখে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
রিজভীর দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায়। খাদ্য উৎপাদন বাড়ানো, শিক্ষা বিস্তার এবং খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল চেতনা ধারণ করে দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে।
ফাতেহ২৪ রিপোর্ট
