‘এক এগারোর মতো শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে’

ফাতেহ ডেস্ক: কোটা ও সড়ক আন্দোলনের মতো আরও আন্দোলনের চক্রান্ত চলছে আর এনিয়ে গোপনে দেশ-বিদেশে বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, সাংবাদিকদের একটি অংশও শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার। সকালে এক আলোচনা সভায় তিনি আরো জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের ‘গুজব সন্ত্রাস অপপ্রচার- রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে সড়ক আন্দোলনে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ও অপপ্রচার নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।

এসময় সড়ক আন্দোলনকে আবারো যৌক্তিক বলে ওবায়দুল কাদের জানান, যাদের কারণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়নি তাদের টনক নড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

পাশাপাশি দেশে-বিদেশে গোপন বৈঠকে দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র চলছে দাবি করে তা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলেও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া দেশের কটি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে বিএনপির দাবিকে অবান্তর বলেও নাকচ করেন তিনি।

সড়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তার মন্ত্রিত্বের সময় ছাড়া এই খাতে এত উন্নয়ন আর কখনোই হয়নি।

আগের সংবাদমসজিদে আল আকসার ইতিহাস ও জেরুজালেম রাজনীতি
পরবর্তি সংবাদমহাসড়কে দীর্ঘ যানজট